আপনি একটু ভেবে দেখুন তো, আপনার স্মার্টফোনের ছবিগুলো কোথায় সংরক্ষিত থাকে? বা আপনি যে অফিস সফটওয়্যার গুলো ব্যবহার করেন, সেগুলো আসলে কোথায় অবস্থিত? -উত্তর হবে, আপনার কম্পিউটারের হার্ড ডিস্কের বাইরে, এক বিশাল মেঘের মতো একটি অনলাইন স্পেসে। আর এই মেঘকেই আমরা চিনি ক্লাউড কম্পিউটিং নামে।
ক্লাউড কম্পিউটিং হল এমন একটি প্রযুক্তি, যেখানে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটিং সংস্থান, যেমন সফটওয়্যার, ডাটা স্টোরেজ এবং কম্পিউটিং পাওয়ার, ব্যবহারকারীদের কাছে সরবরাহ করা হয়। এটি ঠিক যেমন আমরা বিদ্যুৎ গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে আমাদের বাড়ি বা অফিস চালাই, তেমনি ক্লাউড থেকে আমরা কম্পিউটিং পাওয়ার নিয়ে আমাদের কাজকর্ম চালাতে পারি।
ক্লাউড কম্পিউটিং কী?
এক কথায় বলতে গেলে, ক্লাউড কম্পিউটিং হল ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের রিসোর্স ব্যবহার করা। এটি এমন একটি প্রযুক্তি, যেখানে আপনার নিজস্ব কম্পিউটার বা সার্ভারের পরিবর্তে, আপনি ইন্টারনেটের মাধ্যমে অন্য কোথাও অবস্থিত কম্পিউটার বা সার্ভারের রিসোর্স ব্যবহার করবেন।
এটা যেমন আপনি বিদ্যুৎ কোম্পানি থেকে বিদ্যুৎ কিনে ব্যবহার করেন, ঠিক তেমনি ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রদানকারী কোম্পানি থেকে কম্পিউটিং পাওয়ার কিনে ব্যবহার করার সুবিধা পাওয়া যায়।
ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহণ করা হয় কেন?
ক্লাউড কম্পিউটিং এখন আর শুধু একটি প্রযুক্তি নয়, এটি একটি জীবনধারার অংশ হয়ে উঠেছে। ব্যক্তি থেকে শুরু করে বড় বড় কোম্পানি, সবাই ক্লাউডের দিকে ঝুঁকছে। কিন্তুু এতো বেশি জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণ কি জানেন?- আসুন জেনে নিই ক্লাউড কম্পিউটিং-এর কিছু অসাধারণ প্রয়োজনীয়তা সম্পর্কে।
খরচ সাশ্রয়
ক্লাউড কম্পিউটিং আপনাকে নিজের সার্ভার কিনতে বা রক্ষণাবেক্ষণ করতে হয় না। আপনি শুধুমাত্র যে পরিমাণ স্টোরেজ বা কম্পিউটিং পাওয়ার ব্যবহার করেন, সেই অনুযায়ী খরচ করবেন। এটা যেমন বিদ্যুৎ বিল দেওয়ার মতো। আপনি যতটা বিদ্যুৎ ব্যবহার করবেন, ততটা বিল দিতে হবে।
নমনীয়তা
ক্লাউড কম্পিউটিং আপনাকে যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে আপনার ডেটায় অ্যাক্সেস করার সুযোগ দিবে। আপনার শুধুমাত্র একটি ইন্টারনেট সংযোগ থাকলেই চলবে। মনে করুন, আপনি বিদেশ ভ্রমণে গেছেন এবং হঠাৎ আপনার অফিসের একটি গুরুত্বপূর্ণ ফাইলের প্রয়োজন হয়েছে। সেক্ষেত্রে ক্লাউডের মাধ্যমে আপনি সহজেই সেই ফাইলটি অ্যাক্সেস করতে পারবেন।
স্কেলেবিলিটি
আপনার ব্যবসা যখন বৃদ্ধি পায়, তখন আপনি সহজেই আপনার ক্লাউড স্টোরেজ বা কম্পিউটিং পাওয়ার বাড়িয়ে নিতে পারবেন। এতে করে আপনাকে নতুন সার্ভার কিনতে হবে না। যা আপনার খরচের পরিমান অনেকগুন কমিয়ে দিবে।
উচ্চ নিরাপত্তা
আধুনিক ক্লাউড সার্ভার গুলোতে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকে, যা আপনার ডেটাকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করবে। ক্লাউড সার্ভিস প্রোভাইডাররা নিরাপত্তার বিষয়ে খুব সচেতন থাকে, কারণ তাদের ব্যবসা এর উপর নির্ভর করে।
সহজ ব্যবহার
ক্লাউড সার্ভিস প্রোভাইডাররা ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস প্রদান করে, যার ফলে ক্লাউড ব্যবহার করা খুব সহজ। আপনাকে কোনো টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন নেই।
ক্লাউড কম্পিউটিং কারা ব্যবহার করে?
আমরা সবাই জানি, বর্তমান সময়ে তথ্যই সবচেয়ে বড় সম্পদ। আর এই তথ্য গুলো কে নিরাপদে রাখার পাশাপাশি যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস করার জন্য ক্লাউড কম্পিউটিং একটি অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি হয়ে উঠেছে। কিন্তু কে কে এই ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে? আসুন এবার সেই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
বড় কোম্পানি
গুগল, ফেসবুক, আমাজন – এইসব বিশ্বখ্যাত কোম্পানি গুলোর কথা শুনলেই আমাদের মনে হয় এইসব কোম্পানির নিজস্ব বিশাল ডাটা সেন্টার আছে। ঠিকই বলেছেন, কিন্তু তারা কেবল নিজস্ব ডাটা সেন্টারই ব্যবহার করে না। এই বড় কোম্পানি গুলো তাদের অধিকাংশ ডেটা এবং অ্যাপ্লিকেশন গুলো ক্লাউডে রাখে। কারণ ক্লাউড কম্পিউটিং তাদেরকে দ্রুত এক্সেস করতে, খরচ কমাতে এবং গতিশীলতা বাড়াতে সাহায্য করে।
ছোট ব্যবসার জন্যও ক্লাউড
শুধু বড় কোম্পানি নয়, ছোট ব্যবসা গুলোও ক্লাউড কম্পিউটিংকে তাদের ব্যবসায়িক সফলতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখছে। ক্লাউড ব্যবহার করে ছোট ব্যবসা গুলো তাদের ডেটা সুরক্ষিত রাখতে পারে, যেকোনো জায়গা থেকে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে এবং খরচ কমাতে পারে। কারণ ক্লাউডে তাদেরকে নিজেদের সার্ভার কিনতে বা রক্ষণাবেক্ষণ করতে হয় না।
শিক্ষাঙ্গনে ক্লাউডের ব্যবহার
শিক্ষা খাতে ক্লাউড কম্পিউটিং এক বিপ্লব ঘটিয়েছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ক্লাউড ব্যবহার করে তাদের শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষা পরিবেশ তৈরি করেছে। শিক্ষার্থীরা যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে তাদের ক্লাসে যোগ দিতে পারে, অ্যাসাইনমেন্ট জমা দিতে পারে এবং শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারে।
সাধারণ মানুষের জন্য ক্লাউড স্টোরেজ
ক্লাউড কম্পিউটিং শুধু বড় কোম্পানি বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও অত্যন্ত উপকারী। আমরা অনেকেই গুগল ড্রাইভ, ড্রপবক্স বা অন্যান্য ক্লাউড স্টোরেজ সার্ভিস ব্যবহার করে আমাদের ফাইল গুলো সংরক্ষণ করে রাখি। এই সার্ভিস গুলো আমাদেরকে আমাদের ফাইল গুলোকে যেকোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করতে সাহায্য করে এবং আমাদের হার্ড ডিস্কের স্পেস বাঁচায়।
ক্লাউড কম্পিউটিং কত প্রকার?
উপরের আলোচনা আমরা ক্লাউট কম্পিউটিং কি ও কারা ক্লাউট কম্পিউটিং ব্যবহার করে তা জানলাম। তো এবার আমাদের জানতে হবে, ক্লাউড কম্পিউটিং কত প্রকার ও কি কি। আর বর্তমান সময়ে ক্লাউড কম্পিউটিংকে মোট ৪টি ভাগে ভাগ করা হয়। যে প্রকারভেদ গুলো নিচের আলোচনায় তুলে ধরা হলো।
পাবলিক ক্লাউড
এটি সবচেয়ে পরিচিত এবং সহজলভ্য ক্লাউড। যা সাধারণত ইন্টারনেটের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত থাকে। অ্যামাজন ওয়েব সার্ভিস (AWS), গুগল ক্লাউড প্ল্যাটফর্ম (GCP) ইত্যাদি এর উদাহরণ। পাবলিক ক্লাউডের সুবিধা হল এটি ব্যবহার করা খুব সহজ এবং সাশ্রয়ী মূল্যের। কিন্তু গোপনীয়তা এবং নিরাপত্তা সম্পর্কে কিছুটা উদ্বেগ থাকতে পারে।
প্রাইভেট ক্লাউড
এটি কোনো একক সংস্থার নিজস্ব ব্যবহারের জন্য। এটি সাধারণত কোম্পানির নিজস্ব ডাটা সেন্টারে হোস্ট করা হয়। প্রাইভেট ক্লাউডের সুবিধা হল এটি অত্যন্ত নিরাপদ এবং ব্যক্তিগত তথ্যের জন্য উপযুক্ত। কিন্তু এটি গড়ে তুলতে এবং পরিচালনা করতে অনেক বেশি খরচ হয়।
হাইব্রিড ক্লাউড
এটি পাবলিক এবং প্রাইভেট ক্লাউডের একটি সংমিশ্রণ। সংস্থা গুলো তাদের সেনসিটিভ ডেটা প্রাইভেট ক্লাউডে এবং অন্যান্য ডেটা পাবলিক ক্লাউডে রাখতে পারে। হাইব্রিড ক্লাউডের সুবিধা হল এটি নিরাপত্তা এবং নমনীয়তা উভয়ই প্রদান করে।
মাল্টি-ক্লাউড
মাল্টি-ক্লাউড হল একাধিক ক্লাউড সার্ভিস প্রোভাইডারকে একত্রিত করে গঠিত একটি নেটওয়ার্ক। যেমন, আপনি একই সাথে অ্যামাজন ওয়েব সার্ভিস (AWS) এবং গুগল ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। এতে করে আপনি একাধিক ক্লাউডের সুবিধা একসাথে পাবেন।
ক্লাউড কম্পিউটিং সার্ভিস কত প্রকার?
আপনার ব্যবসা বা প্রয়োজন অনুযায়ী আপনি উপযুক্ত ক্লাউড সার্ভিস বাছাই করতে পারবেন। যদি আপনি শুধু একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান, তাহলে SaaS আপনার জন্য উপযুক্ত। যদি আপনি নিজে একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, তাহলে PaaS ভালো হবে। আর যদি আপনার একটি পুরোপুরি কাস্টমাইজড ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন হয়, তাহলে IaaS আপনার জন্য সবচেয়ে উপযুক্ত।
1. SaaS (Software as a Service)
SaaS হল ক্লাউড কম্পিউটিংয়ের সবচেয়ে পরিচিত ধরন। এখানে, সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন ইন্টারনেটের মাধ্যমে একটি সার্ভার থেকে সরাসরি ব্যবহার করা হয়। আপনার কোনো সফটওয়্যার ইনস্টল করার বা আপডেট করার দরকার নেই। শুধু একটি ইন্টারনেট সংযোগ এবং একটি ওয়েব ব্রাউজার থাকলেই চলবে।
- উদাহরণ: গুগল ড্রাইভ, মাইক্রোসফট অফিস 365, এবং স্যালেসফোর্স।
2. PaaS (Platform as a Service)
PaaS হল ডেভেলপারদের জন্য ডিজাইন করা একটি পরিষেবা। এখানে, ডেভেলপাররা তাদের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রয়োজনীয় সকল টুল এবং ফ্রেমওয়ার্ক পায়। তাদেরকে শুধু তাদের কোড লিখতে হয়, বাকি সব কাজ ক্লাউড সার্ভার নিজে করে।
- উদাহরণ: গুগল অ্যাপ ইঞ্জিন, হেরোকু।
3. IaaS (Infrastructure as a Service)
Iaas হল ক্লাউড কম্পিউটিংয়ের মূল ভিত্তি। এখানে, আপনি একটি ভার্চুয়াল ডাটা সেন্টার ব্যবহার করতে পারবেন। আপনি নিজে সার্ভার, স্টোরেজ এবং নেটওয়ার্ক সংস্থান ম্যানেজ করতে পারবেন।
- উদাহরণ: আমাজন ইসি২, মাইক্রোসফট অ্যাজার।
ক্লাউড কম্পিউটিং কিভাবে কাজ করে?
ক্লাউড কম্পিউটিং একটি জটিল প্রক্রিয়া, তবে মূল কাজের ধাপগুলো খুবই সহজ। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক, ক্লাউড কম্পিউটিং কিভাবে কাজ করে।
- ডাটা আপলোড: আপনি যখন কোনো ফাইল আপলোড করেন, তখন সেই ফাইল ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড সার্ভারে চলে যায়। যেভাবে আমরা গুদামে আমাদের প্রয়োজনীয় পণ্য রাখি।
- ডাটা স্টোরেজ: ক্লাউড সার্ভার এই ফাইলটিকে বিভিন্ন সার্ভারে ছড়িয়ে দিয়ে রাখে। এতে করে যদি কোনো একটা সার্ভারে সমস্যা হয়, তাহলেও আপনার ফাইল নিরাপদ থাকে।
- ডাটা অ্যাক্সেস: যখন আপনি ফাইলটি আবার দেখতে চাইবেন, তখন আপনার ডিভাইস থেকে একটি অনুরোধ যায় ক্লাউড সার্ভারে। সার্ভার সেই অনুরোধ অনুযায়ী ফাইলটি খুঁজে বের করে এবং আপনার ডিভাইসে পাঠিয়ে দেয়।
ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নির্ধারণ করে কোন প্রতিষ্ঠান?
ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নির্ধারণে ক্লাউড সার্ভিস প্রোভাইডার, স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন, বাজারের চাহিদা এবং প্রযুক্তির উন্নয়ন এই চারটি প্রধান উপাদানের ভূমিকা রয়েছে। এই চারটি উপাদানের পারস্পরিক ক্রিয়া ক্লাউড কম্পিউটিং এর একটি গতিশীল এবং উন্নতশীল পরিবেশ তৈরি করে।
ক্লাউড সার্ভিস প্রোভাইডার (CSP)
ক্লাউড কম্পিউটিং এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে ক্লাউড সার্ভিস প্রোভাইডার (CSP)রা। এরা হলো Amazon Web Services (AWS), Microsoft Azure, Google Cloud Platform এর মতো দৈত্যাকার প্রতিষ্ঠান। তারা নিজেদের ডাটা সেন্টার, নেটওয়ার্ক এবং সফটওয়্যারের মাধ্যমে ক্লাউড সার্ভিস প্রদান করে। এরা নিজেদের প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য নির্ধারণ করে, যেমন কতটা স্টোরেজ স্পেস দেবে, কতটা কম্পিউটিং পাওয়ার থাকবে ইত্যাদি।
স্ট্যান্ডার্ডের সুরক্ষা NIST এর ভূমিকা
ক্লাউড কম্পিউটিং এর একটি নির্দিষ্ট মান বজায় রাখার জন্য NIST (National Institute of Standards and Technology) এর মতো সংস্থা গুলো বিভিন্ন স্ট্যান্ডার্ড নির্ধারণ করে। এই স্ট্যান্ডার্ড গুলো নিশ্চিত করে যে বিভিন্ন ক্লাউড সার্ভিস প্রোভাইডারের সার্ভিস গুলো একই ধরনের হবে। যেমন, একটি ক্লাউড থেকে অন্য ক্লাউডে ডাটা সহজে স্থানান্তর করা যাবে।
বাজারের চাহিদা
ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষেত্রে গ্রাহকের চাহিদা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লাউড সার্ভিস প্রোভাইডার গুলোকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের পণ্য ও সেবা উন্নত করতে হয়। যেমন, যদি বেশি সংখ্যক গ্রাহক মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য ক্লাউড ব্যবহার করে, তাহলে ক্লাউড সার্ভিস প্রোভাইডাররা সেই অনুযায়ী তাদের প্ল্যাটফর্মকে আরও উন্নত করবে।
প্রযুক্তির উন্নয়ন
প্রযুক্তির দ্রুত উন্নয়নের সাথে সাথে ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্যও পরিবর্তিত হচ্ছে। নতুন নতুন প্রযুক্তি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ব্লকচেইন ইত্যাদি ক্লাউড কম্পিউটিং এর ক্ষমতা বাড়াচ্ছে। ফলে আমরা ভবিষ্যতে আরও উন্নত এবং বৈচিত্র্যময় ক্লাউড সার্ভিস দেখতে পাব।
ক্লাউড কম্পিউটিং এর নিরাপত্তা তুলনামূলকভাবে কম ব্যাখ্যা কর
ক্লাউড কম্পিউটিং বর্তমান সময়ে ব্যবসা ও ব্যক্তিগত জীবনে বিপ্লব ঘটিয়েছে। ডাটা স্টোরেজ থেকে শুরু করে কমপিউটার পাওয়ার পর্যন্ত, ক্লাউড আমাদের কাজের ধরন বদলে দিয়েছে। তবে, এই সুবিধার পাশাপাশি ক্লাউড কম্পিউটিং এর নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে।
কেন ক্লাউড নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে?
- ক্লাউডে অসংখ্য ব্যবহারকারীর তথ্য এক জায়গায় সংরক্ষিত থাকে। ফলে, একবার কোনো তথ্য চুরি হলে, হাজার হাজার ব্যবহারকারী প্রভাবিত হতে পারে।
- ক্লাউডে সংরক্ষিত তথ্যে ইন্টারনেটের মাধ্যমে যে কেউ অ্যাক্সেস করতে পারে। এটি হ্যাকারদের জন্য স্বর্ন সুযোগ সৃষ্টি করে।
- ক্লাউড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারীদের ভুলের কারণেও তথ্য ফাঁস হতে পারে।
- ক্লাউড সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা খুবই জটিল। এই জটিলতার ফলে কোনো ত্রুটি থাকার সম্ভাবনা থেকে যায়।
ক্লাউড নিরাপত্তা কাকে বলে?
ক্লাউড নিরাপত্তা হল ইন্টারনেটের মাধ্যমে সংরক্ষিত আপনার ডেটা, অ্যাপ্লিকেশন এবং পরিষেবা গুলোকে অনানুমোদিত অ্যাক্সেস, ব্যবহার, প্রকাশ, পরিবর্তন, ধ্বংস বা বিপর্যয় থেকে রক্ষা করার একটি পদ্ধতি। এটি একটি বিস্তৃত ক্ষেত্র যা কেবল ডেটা সুরক্ষাই নয়, বরং ক্লাউড পরিবেশের সামগ্রিক নিরাপত্তাও অন্তর্ভুক্ত করে।
আপনার জন্য আমাদের কিছুকথা
পাঠক, বিভিন্ন সময় আমরা ক্লাউড কম্পিউটিং সুবিধা ভোগ করি। তাই অনেকের মনে প্রশ্ন জাগে যে, ক্লাউড কম্পিউটিং কি ও কত প্রকার। তো সেই প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার জন্যই আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে। আশা করি, আজকের লেখাটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আর আপনার জ্ঞান বৃদ্ধির জন্য মার্কেটিং এর জনক কে এবং টেকনিক্যাল এসইও কি লেখা দুটো পড়তে পারেন। ধন্যবাদ।



